ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার প্রতীক শওকত আলী চৌধুরী
দেশের ব্যাংকিং ও শিল্প খাতের অন্যতম পরিচিত ব্যবসায়ী এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান, কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়মিত কর পরিশোধের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সংশ্লিষ্টদের দাবি, তিনি টানা ১১ বছর ধরে দেশের সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।
শওকত আলী চৌধুরীর ঘনিষ্ঠজন ও ব্যবসা-সংশ্লিষ্টদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল তাঁর দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তাদের ভাষ্য, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অর্থ পাচারের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তারা জানান, তাঁর বিদেশে পরিচালিত বৈধ ব্যবসার তথ্য যথাযথভাবে কর নথিতে উল্লেখ রয়েছে এবং তিনি নিয়ম মেনে শতভাগ কর পরিশোধ করে আসছেন।
সংশ্লিষ্টরা আরও বলেন, বর্তমান সরকার যখন ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে, তখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার দেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা বহন করতে পারে।
ব্যাংকিং খাতের বাইরে মো. শওকত আলী চৌধুরী শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প, বীমাসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছেন। সংশ্লিষ্টদের মতে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে তারা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
ইস্টার্ন ব্যাংকের সঙ্গে শওকত আলী চৌধুরীর সম্পৃক্ততা প্রতিষ্ঠালগ্ন ১৯৯৩ সাল থেকে। পরিচালক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে তিনি ব্যাংকের নীতিনির্ধারণ, কর্পোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে ব্যাংক-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তাদের দাবি, তাঁর নেতৃত্বে ইস্টার্ন ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর সেবায় ব্যাপক বিনিয়োগ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকের ডিজিটাল রূপান্তর ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল শেয়ারহোল্ডারদের প্রশংসা অর্জন করে।
ঘনিষ্ঠজনদের মতে, সততা, স্বচ্ছতা এবং নিয়মানুবর্তিতার ওপর ভিত্তি করেই মো. শওকত আলী চৌধুরী তাঁর ব্যবসায়িক সাফল্য অর্জন করেছেন। তাদের বিশ্বাস, কোনো ধরনের অপপ্রচার তাঁর দীর্ঘদিনের অবদান ও অর্জনকে ম্লান করতে পারবে না।




















