দাউদকান্দিতে ড. মোশাররফের ৮১তম জন্মদিন উদযাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দাউদকান্দি-মেঘনা কুমিল্লা-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ড. মোশাররফ মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান, ভূবিজ্ঞানী, লেখক, কলামিস্ট ও গবেষক।
বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনে ড. মোশাররফের অর্জনের ভান্ডার বিশাল। তিনি ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে হাজী মুহাম্মদ মহসিন হলের ভিপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দেন। ১৯৯৪ সালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।
ড. মোশাররফ কুমিল্লা-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১-৯৬ সময়ে বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী, ১৯৯৬ সালে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ সময়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
জন্মদিনে এক প্রতিক্রিয়ায় ড. মোশাররফ বলেন, দেশ রক্ষার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটাতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। মিথ্যা মামলায় ৫ বছর কারাবাস করেছি, নির্যাতিত হয়েছি। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
ড.খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান’, ফখরুদ্দিন- মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন, ‘রাজনীতির হালচাল’, ‘সময়ের ভাবনা’, ‘জরুরী আইনের সরকারের দুই বছর (২০০৭ ও ২০০৮)’ ‘আমার রাজনীতির রোজনামচাসহ মোট ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তাঁর কনিষ্ঠ পুত্র ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। খ্যাতিমান এই রাজনীতিবিদের জন্মদিনে ’দুর্নীতির বার্তা’ পত্রিকার পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা।
ড.খন্দকার মোশাররফ হোসেনের জম্মদিন উপলক্ষ্যে দাউদকান্দি-মেঘনা কুমিল্লা ১ আসনে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ মিলাদ মাহফিল তাঁর জীবনী ক্যারিয়ার নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
ড.খন্দকার মোশাররফ হোসেনের জম্মদিনে তাঁরই সর্বকনিষ্ঠপুত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তাঁর পিতার জম্মদিনে দেশ-বিদেশে বসবাসরত সকল নেতাকর্মীদের নিকট দোয়া কামনা করেন ।


























