চিকিৎসককে মারধরের প্রতিবাদে রাজপথে হাসপাতাল কর্মীরা
নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মন্ডলকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে প্রতিবাদে নেমেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতাল আয়োজিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসক ফোরাম এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নীলফামারী জেলা শাখা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্বে করেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ডা. হাসিনা বানু, ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল প্রমুখ।
এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে জেনারেল হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মন্ডলকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠে নাঈম নামের এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি মামলা করলে হামলাকারী অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


























