রংপুরে নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিকের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবন ধসে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। এসময় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ভবনের নির্মাণশ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ও রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। এসময় আরও তিন শ্রমিক আহত হন। তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মাণাধীন বিল্ডিংয়ে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্দার ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে। সেখান থেকে মৃত অবস্থায় শ্রমিক আসাদুল ও শিহাবকে উদ্ধার করা হয়। বাকি আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি উল বারি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


























