টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে নওগাঁর বদলগাছীতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে বৃষ্টির পানিতে। কোথাও কোথাও ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাঠে কেটে রাখা ধানও ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এতে সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
একই পরিস্থিতি দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক বলেন, তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। অনেকেই ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টির পানিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে রোদ না উঠলে কিংবা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়া ও জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
এদিকে, ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।




















