বুড়িচংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
কুমিল্লার বুড়িচংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রইস আলম রব।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















