পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল
বাংলাদেশের ফুটবলে এখন প্রতিষ্ঠিত নাম ফর্টিজ এফসি। দেশের গণ্ডি পেরিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছে ক্লাবটি। তবে আজই প্রথম জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ খেলবে ফর্টিজ।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে আর কোনও ঘরোয়া ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই ম্যাচ দিয়ে পাঁচ বছরের অপেক্ষা শেষ হবে। জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ঘরোয়া ফুটবল লিগ অবশ্য হচ্ছে না। ফেডারেশন কাপের সূচি অনুযায়ী এই সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।
২০২১ সালে জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হয়েছিল। দীর্ঘ সংস্কার শেষে মাঠটি ২০২৫ সালের জুন থেকে ব্যবহার শুরু হয়। এক বছরের বেশি সময় শুধু জাতীয় দলের ম্যাচ হয়েছে। ঘরোয়া ফুটবল এত দিন হয়নি। আবাহনী-মোহামেডান জাতীয় স্টেডিয়ামে লিগের হোম ভেন্যু করতে চাইলেও ফেডারেশন অনুমতি দেয়নি।
গত পাঁচ বছর পর ঘরোয়া ফুটবল কুমিল্লা, গোপালগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও রাজশাহীসহ একাধিক জেলায় হয়েছে। ঢাকার মধ্যে শুধু বসুন্ধরা কিংস অ্যারেনায় কিছু ম্যাচ হয়েছে। ফলে অনেক সমর্থক প্রিয় দলের খেলা ঢাকা স্টেডিয়ামে দেখতে পারেননি।



















