মোহাম্মদপুরে ছিনতাইয়ে জড়িত দুই ভাই, সঙ্গে বোনজামাই
রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাই করতেন দুই ভাই ও তাদের বোনজামাই। এমন অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।
গ্রেপ্তাররা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার গভীর রাত থেকে মোটরসাইকেলে ছিনতাই করা একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। ভোরে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে।
পুলিশের দাবি, মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে আরও দুই সদস্য পালিয়ে যান।
অভিযানে তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই করছিল। তারা মূলত অটোরিকশার যাত্রী ও একা চলাচলকারী পথচারীদের টার্গেট করত।




















