বিয়ের আয়োজনে সরগরম ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের এর বিয়েকে ঘিরে সরগরম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়।
এতে রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এতে প্রধান অতিথি ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
আকদ শেষে শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
জানা গেছে, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আনিকা পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।




















