শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন পরীক্ষার্থী
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (১৫ জুলাই) বিকেলে অভিযোগটি জমা দেওয়া হয়। এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন মাহদী হাসান অনিক। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পাশাপাশি তিনি জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব।
এর আগে দুপুরে পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কোতোয়ালি থানার সামনে অবস্থান নিয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রী ও অন্যান্য অজ্ঞাতন আমাদের নির্দেশে পুলিশ হামলা চালায়। এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অভিযোগে আরও বলা হয়, নতুন কারিকুলামে পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি হয়।
অভিযোগকারী শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, সড়ক অবরোধ করে এমন কোন কর্মসূচি করতে চাইনি যাতে করে জনদূর্ভোগ সৃষ্টি হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় লিখিত অভিযোগ দিয়েছি যাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের যথাযথ শাস্তি হয়।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা থানায় এসেছিলেন এবং তারা একটি লিখিত অভিযোগ জমা দিয়ে গেছেন।




















