গ্রেপ্তার এড়াতে শাড়ির নিচে আশ্রয় তৃণমূল নেতার
গ্রেপ্তার এড়াতে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়েও শেষরক্ষা হলো না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক নেতার। সরকারি আবাসন প্রকল্পে অনিয়ম ও কমিশন আদায়ের অভিযোগে অভিযুক্ত ওই নেতাকে অবশেষে তল্লাশির সময় সেখান থেকেই উদ্ধার করে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিলসাপুর এলাকার বাসিন্দারা অভিযোগে বলেছেন, তৃণমূল কংগ্রেস নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে অলিখিত কমিশন আদায় করে অর্থ আত্মসাৎ করেছেন।
স্থানীয় থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর ওই নেতাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কাছাকাছি চলে এসেছে টের পেয়ে পাশের একটি কাপড়ের দোকানের গুদামে ঢুকে পড়েন ব্রহ্মানন্দ চক্রবর্তী। সেখানে শাড়ির বিশাল স্তূপের নিচে নিজেকে লুকিয়ে ফেলেন তিনি।
তবে তৃণমূল কংগ্রেসের ওই নেতার গ্রেপ্তার এড়ানোর সেই চেষ্টা সফল হয়নি। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করেন এবং সেখান থেকে টেনে বের করে তাকে গ্রেপ্তার করেন। এই মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয় এবং সেই ফুটেজটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ব্রহ্মানন্দ চক্রবর্তীকে গ্রেপ্তারের এই ঘটনা কোচবিহারের আরেকটি একই ধরনের ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। যেখানে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় শাহিদুল মিয়া নামের আরেক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সেই ঘটনায় পুলিশ এসে টেনে বের করার আগে গ্রামবাসীরা তাড়া করে ওই নেতাকে তার নিজের ঘরে ঢুকতে বাধ্য করেছিলেন।
সূত্র: এনডিটিভি।




















