ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের জন্য তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।


























