দৈনিক বাংলাদেশ সমাচারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা
বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত
দৈনিক বাংলাদেশ সমাচারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে পত্রিকাটির কর্তৃপক্ষ। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে পত্রিকাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সম্ভাব্য সময়, আয়োজনের পরিসর এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও বর্ণাঢ্য করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা। একই সঙ্গে অনুষ্ঠানে পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ড. খান আসাদুজ্জামান বলেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনন্দ-উৎসবের উপলক্ষ নয়; বরং প্রতিষ্ঠানের অর্জন, সাফল্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনারও গুরুত্বপূর্ণ সময়।
তিনি আরও বলেন, পত্রিকার ১১ বছরের পথচলাকে আরও গতিশীল, বেগবান ও অর্থবহ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন কর্মসূচি গ্রহণ করতে হবে, যাতে পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে পত্রিকার সুনাম, গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা বাড়াতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় দৈনিক বাংলাদেশ সমাচারের হেড অব মার্কেটিং মো. আমিনুল ইসলাম, মো. রাসেল হোসেন, মিরাজুল ইসলাম, আব্দুর রহিম সজীব, সাব্বির রহমানসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্টাফরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সার্বিক পরিকল্পনা, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠান ব্যবস্থাপনা ও সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী সময়ে অনুষ্ঠানের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

























