গঙ্গার পানি না দিলে ভারতীয় পণ্য বন্ধের হুঁশিয়ারি
গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতীয় পণ্য বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশে পানি না এলে কোনো করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়া হবে না। এমনকি বাংলাদেশের নদীতে পানি না এলে ভারতের কোনো চ্যানেলও চলতে দেওয়া হবে না। এ দাবিতে প্রয়োজনে আবারও ফারাক্কা অভিমুখে লংমার্চ করার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
রোববার (১ নভেম্বর) রাজধানীতে জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য। কিন্তু সরকার সরকারকে কেউ বিশ্বাসও করছে না, ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধু রাষ্ট্র, জাপান বাংলাদেশে ইনভেস্ট করেছে অতীতেও। কিন্তু এই মাতার বাড়ি নিয়ে সরকার জাপানের সঙ্গে কি কি চুক্তি করছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোনো ধরনের ধোঁয়াশা না রেখে সংসদে আলোচনা ছাড়া আমরা বাংলাদেশে কোনো জাতীয় চুক্তি পাশ করতে দেব না। এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডোরের ট্রানজিটের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, ইনশাআল্লাহ।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন নিয়ে সালাউদ্দিন আহমেদ মতামত চেয়েছেন। সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের কোনো মতামত দেওয়ার কিছু নাই। উনি কে মতামত চাওয়ার। তারা এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলছে, কিন্তু আলোচনা নির্বাচনের আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে নতুন করে আর কোনো আলোচনার কিছু নাই। এখন হচ্ছে বাস্তবায়নের সময় অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানকে সংস্কার করতে হবে ঠিক এর অন্যথা কোনো কিছু হলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না, বাংলাদেশের বিরোধী দল সেটা মানবে না, বাংলাদেশের তরুণ প্রজন্ম, শ্রমিকরা সেটা মানবে না।
শ্রমিকদের আন্দোলন নিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়িয়েছে। কিন্তু শ্রমিক আর বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

















