ব্যাংককের হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির
থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান।
ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।



















