মেসিকে রুখতে কৌশল বদলের পরামর্শ ইনিয়েস্তার
রোববারের (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনকে লিওনেল মেসিকে থামানোর চেয়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, মেসিকে পুরোপুরি আটকে রাখা প্রায় অসম্ভব, তাই জয়ের জন্য নিজেদের কৌশলই সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত এবং সাত ম্যাচে গোল খেয়েছে মাত্র একটি।
অন্যদিকে, ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করা মেসির আর্জেন্টিনা টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে ফাইনালে পা রেখেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাস্তো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘তাকে (মেসি) পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। স্পেনের উচিত হবে নিজেদের কৌশল দিয়ে কীভাবে আর্জেন্টিনাকে চাপে ফেলা যায়, সুযোগ তৈরি করা যায় এবং সেই সুযোগগুলো কাজে লাগানো যায়— সেদিকে মনোযোগ দেওয়া।’
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেও মেসি যে স্তরের ফুটবল খেলছেন, তা এক কথায় অসাধারণ। তাকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। প্রতি ম্যাচে তার এই সংকল্প ও পারফরম্যান্সের প্রতি শুধু শ্রদ্ধাই জানানো যায়।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ হলেও স্পেনের খেলোয়াড়দের মনে কোনো ভয় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন ইনিয়েস্তা।
তিনি বলেন, ‘না, কখনোই ভয় নিয়ে খেলা যাবে না। চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স গ্রাফ ক্রমাগত ওপরের দিকে উঠেছে। তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে। মাঠে যেই থাকুক না কেন, প্রত্যেকে নিজের ভূমিকা খুব ভালো করেই জানে।’
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেনের আক্রমণভাগের দায়িত্বে আছেন মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল ও মিকেল মেরিনোরা। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ উঁচিয়ে ধরার লক্ষ্যে রোববার মাঠে নামবে দলটি।
ফাইনালে কে গোল করে দলকে জেতাবেন— এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা সাফ জানিয়ে দেন, ‘কে গোল করল তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গোলটি যেই করুক, দলের জয়টাই আসল।




















