স্তন ক্যানসার শনাক্তে গণ বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনিং
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নারীদের স্তন ক্যানসার শনাক্তে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের লক্ষ্যে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হেলথ ক্লাবের আয়োজনে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্তন ক্যানসারের ঝুঁকি, উপসর্গ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগ্রহী নারীদের স্ক্রিনিং সেবা প্রদান করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের হেলথ ক্লাবের আয়োজনে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ডা. রাসকিন স্তন ক্যানসারের ঝুঁকি, বিস্তার, উপসর্গ, সূচনায় নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত উপস্থাপনা শেষে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে স্থানীয় সমাজভিত্তিক ক্যানসার সেবা ও গবেষণা কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
হেলথ ক্লাবের মেন্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদের সূচনা বক্তব্যের পর বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিলুফা সুলতানা, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের পরিচালক ডা. তরিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে আগ্রহী নারীদের স্ক্রিনিং সেবা দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

























