তরুণদের দক্ষতা উন্নয়নে প্রাইম ব্যাংক-ইউসেপের চুক্তি
সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক পিএলসি ও ইউসেপ বাংলাদেশ।
এ লক্ষ্যে এক বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায় খুলনা ও রাজশাহীতে ইউসেপ পরিচালিত দুটি কারিগরি স্কুলের পরিচালন ব্যয় এবং শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে প্রাইম ব্যাংক।
আজ বুধবার ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের মো. জিয়াউর রহমান বলেন, কারিগরি শিক্ষায় বিনিয়োগ দেশের অর্থনৈতিক ভবিষ্যতে বিনিয়োগের শামিল। এটি টেকসই ব্যাংকিং ও জনকল্যাণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা, দারিদ্র্য বিমোচন এবং আধুনিক বাংলাদেশের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
প্রাইম ব্যাংক ও ইউসেপ বাংলাদেশের এ অংশীদারত্বের লক্ষ্য খুলনা ও রাজশাহীর সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা ও টেকসই যুব ক্ষমতায়নের মতো অগ্রাধিকার বাস্তবায়নেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

























