রোনালদোর আয়ের কাছে মেসি যেন কিছুই নয়
বিশ্ব ফুটবলে জনপ্রিয়তা ও পারফরম্যান্সের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে আয়ের হিসাবে দুই মহাতারকার ব্যবধানটা যেন আকাশ-পাতাল।ক্লাব থেকে পাওয়া বার্ষিক পারিশ্রমিকের দিক থেকে মেসিকে অনেক পেছনে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।
পর্তুগিজ ফুটবলারদের মধ্যে আয়ের হিসাবে সবার ওপরে রয়েছেন আল নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবটি থেকে বছরে প্রায় ২০ কোটি ৮৪ লাখ ইউরো পারিশ্রমিক পান ৪১ বছর বয়সি এই তারকা। শুধু পর্তুগিজদের মধ্যেই নয়, বিশ্ব ফুটবলেও সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে তার বার্ষিক আয় প্রায় ২ কোটি ১৭ লাখ ইউরো। তবে আয়ের দিক থেকে মেসির খুব কাছাকাছি রয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বছরে আয় ২ কোটি ১৩ লাখ ইউরো। তালিকার পরের অবস্থানে রয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৬৭ লাখ ইউরো।
ট্রিবুনা ডটকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন লিগে খেলা শীর্ষ ২০ জন আর্জেন্টাইন ফুটবলারের সম্মিলিত বার্ষিক আয় প্রায় ১৯ কোটি ২ লাখ ইউরো। যা দেশটির ফুটবলারদের বৈশ্বিক বাজারে আর্থিক অবস্থানের চিত্র তুলে ধরে।
ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে আয়ের শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাবটিতে বছরে প্রায় ৩ কোটি ১৩ লাখ ইউরো পারিশ্রমিক পান ২৬ বছর বয়সি এই উইঙ্গার। ফলে ব্রাজিলের সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন তিনি।
ব্রাজিলিয়ানদের এই তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছেন ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্যাসেমিরোর বার্ষিক আয় প্রায় ২ কোটি ১১ লাখ ইউরো। অন্যদিকে আল হিলালের উইঙ্গার মার্টিনেল্লি বছরে আয় করেন প্রায় ২ কোটি ৪ লাখ ইউরো।




















