দিনে কতটি লিচু খাওয়া নিরাপদ?
লিচুর মৌসুম এলেই অনেকের মনে একই প্রশ্ন ঘুরপাক খায়—দিনে ঠিক কতটি লিচু খাওয়া নিরাপদ? সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে এ নিয়ে নানা ধরনের ধারণা প্রচলিত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই।
বয়স, শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত ঝুঁকি এবং লিচুর আকারভেদে নিরাপদ পরিমাণ ভিন্ন হতে পারে। তাই লিচু খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার চেয়ে পরিমিতি ও ব্যক্তির শারীরিক অবস্থাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পুষ্টিবিদরা।
একটি লিচু ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে। কারও বয়স কম, কারও বেশি। কেউ সম্পূর্ণ সুস্থ, আবার কারও ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। ফলে সবার জন্য একই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।
পুষ্টিবিজ্ঞানীরা সাধারণত ফলের ক্ষেত্রে ‘সার্ভিং’ বা পরিবেশনের পরিমাণ নিয়ে কথা বলেন, নির্দিষ্টসংখ্যক ফল নিয়ে নয়।
তাহলে কয়টি খাওয়া যেতে পারে?
পুষ্টিবিদ ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, বয়সভেদে দিনে ঠিক কয়টি লিচু খেতে হবে বা কয়টি খাওয়া নিরাপদ—এমন কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্দেশিকা নেই।
বিশেষজ্ঞদের সাধারণ ফল খাওয়ার পরামর্শের ভিত্তিতে একটি ব্যবহারিক ধারণা নেওয়া যেতে পারে।
২ থেকে ৫ বছর বয়সী শিশু: ২–৩টি লিচু
৬ থেকে ১২ বছর বয়সী শিশু: ৩–৫টি লিচু
কিশোর-কিশোরী: ৫–১০টি লিচু
সুস্থ প্রাপ্তবয়স্ক: ৫–১৫টি লিচু
তবে এসব কোনো চিকিৎসাবিষয়ক নির্দেশিকা নয়; বরং পরিমিত ফল খাওয়ার ধারণা থেকে দেওয়া একটি আনুমানিক পরিমাণ।



























