একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৩,আক্রান্ত ২৫১ জন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা ও বরিশাল বিভাগে।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ রোগে ২২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় ক্ষেত্রেই ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ২ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৬২৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। অন্যদিকে, মৃত্যুর সংখ্যার হিসাবে ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
এ বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। অপরদিকে, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা সমান, অর্থাৎ ৫০ শতাংশ করে।

























