জয়-মুমিনুলে লিড বাড়াল টাইগাররা
ওপেনার মাহমুদুল হাসান জয় এর ফিফটি ও মুমিনুল হকর দায়িত্বশীল ইনিংসে দিন শেষে ১৫৬ রানের লিড নিয়েছে টাইগাররা। যদিও শেষ বিকালে মুমিনুলের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ৭ বলে ৪ রান করে আউট হয় ওপেনার তানজিদ হাসান তামিম।
এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মাহমুদুল হাসান জয়। ৭৬ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ফিফটি তুলে নেন জয়। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫২ রান করেন এই টাইগার ওপেনার।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুমিনুল। তবে দিনের শেষ বেলায় নিজের উইকেট হারান মুমিনুল। ৬০ বলে ৩০ রান করে ফিরে যান তিনি। এতে ২৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন শান্ত।

























