পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে দেশের সব সিটি করপোরেশনকে পেছনে ফেলে পাঁচটি ক্যাটাগরিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে রাসিক এ তথ্য জানায়।
রাসিক জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।
রাজশাহী সিটি করপোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (Spark of Stewardship), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (Spark of Tidy Neighborhood), সেবায় অনুপ্রেরণা (Spark of Service), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (Spark of Community Compliance) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (Spark of Commitment)।
দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



















