বর্ষায় পায়ের যত্নে করণীয়
বর্ষাকালে জলাবদ্ধতা ও দীর্ঘক্ষণ ভেজা জুতা-মোজা পরে থাকার কারণে পায়ে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই বৃষ্টিতে বাইরে থেকে ফিরে পা ভালোভাবে পরিষ্কার ও শুকনো রাখা, পাশাপাশি নিয়মিত পরিচর্যা করা জরুরি। কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে বর্ষায়ও পা সুস্থ ও সংক্রমণমুক্ত রাখা সম্ভব।
জীবাণু ধ্বংস করার অনুঘটক হিসেবে কাজ করে লবণ। তাই বাড়ি ফিরেই গরম পানিতে লবণ মিশিয়ে, তাতে মিনিট দশেক পা ডুবিয়ে রাখুন। এরপর পা ঘষে মৃত কোষগুলো দূর করুন। হয়ে গেলে পা ধুয়ে নিন এবং তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এতে শুষ্ক ত্বক মোলায়েম হবে।
বর্ষায় পায়ের খেয়াল রাখতে মাস্ক ব্যবহার করুন। পায়ের সংক্রমণ এড়াতে চারকোল মাস্ক বেশ ভালো কাজ করে। এটি ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। এ ছাড়া, ভিটামিন সি ও কফি মাস্কও পায়ের ত্বকে ব্যবহারের জন্য কার্যকরী।
বর্ষাকালে পা থেকে বেশি দুর্গন্ধ বের হয়। সেই সমস্যা কমাবে কর্পূর ও ট্যালকম পাউডার। মোজা পরার আগে পায়ে ভালো করে ট্যালকম পাউডার মেখে নিন। পাউডারের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে নিতে পারেন। এতে সহজে গন্ধ দূর হবে। টি ট্রি অয়েলের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে পায়ে মালিশ করলেও সংক্রমণ দূর হবে।
বর্ষায় পায়ের র্যাশ কমাবে নিম ও হলুদের প্যাক। এক মুঠো নিম পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে ঘন পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি পায়ে এবং বিশেষ করে আঙুলের ফাঁকে ভালো করে লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


























