রোনালদিনহো-নেইমারকে ছাপিয়ে বার্সার নেতা ব্রাজিলিয়ান রাফিনহা
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার হাতে। ২০২৬-২৭ মৌসুমের জন্য ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বার্সা কোচ হানসি ফ্লিক। ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
এর মধ্য দিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ১৩৫ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার অনন্য ইতিহাস গড়লেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে এই নতুন নেতৃত্বের রূপরেখা ঘোষণা করেন হানসি ফ্লিক। পাঁচ সদস্যের নতুন নেতৃত্ব দলের সিনিয়র সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পেদ্রি। কোচের সরাসরি পছন্দে রাফিনহা ও পেদ্রিকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক করা হলেও বাকি তিন সদস্য, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে বেছে নেওয়া হয়েছে পুরো স্কোয়াডের সদস্যদের সরাসরি ভোটে।
নতুন অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত কোচ ফ্লিক বলেন, ‘দলে রাফিনহা ও পেদ্রির প্রভাব সবচেয়ে বেশি, আর তারা প্রায় সব ম্যাচেই একাদশে থাকে। তাই এটা একেবারেই স্পষ্ট সিদ্ধান্ত ছিল।’
রোনালদিনহো, রোনালদো, রোমারিও, রিভালদো কিংবা নেইমারের মতো কালজয়ী সব ব্রাজিলিয়ান জাদুকর বার্সেলোনা মাতিয়ে গেলেও আগে কখনো স্থায়ী অধিনায়কের পদ পাননি কেউ।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে ৫৫ মিলিয়ন ইউরোয় বার্সায় যোগ দেওয়ার পর থেকে ১৬০টি ম্যাচে ৮০টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান, জিতিয়েছেন তিনটি লা লিগাসহ একাধিক ট্রফি।

















