হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানীর বিভিন্ন এলাকা
দুপুরের তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। সোমবার (৯ নভেম্বর) বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমে শুরু হয় দমকা হাওয়া। এরপরই নামে বৃষ্টি। এতে দিনের গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। তবে বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতও হয়েছে।
ঢাকার উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।



















