২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। এ লক্ষ্যে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।আগামী রোববার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। তবে ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীন থেকে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয় বলে ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানও ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। আগামী রোববার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হবে।
গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।



















