বাংলাদেশ-অস্ট্রেলিয়ার হারে ওলটপালট পয়েন্ট টেবিল
একই দিনে দুই টেস্টে বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার পরাজয়ে বড় পরিবর্তন এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।
শনিবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। অন্যদিকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হারে শীর্ষস্থান হারিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড, আর জয়ের সুবাদে দুইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে এক দিনের ব্যবধানেই বদলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ
অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টেস্টে ২৮৮ রানের লক্ষ্যে নেমে প্রথম সেশনেই সাত উইকেট হারায়। তারপর দ্বিতীয় সেশনে নেমেও ধসের মুখোমুখি হয়। অজিদের ১১১ রানে অলআউট করে ১৭৬ রানে বিজয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে তারা আইসিসি টেস্ট দলগত র্যাংকিংয়েও অজিদের টপকে শীর্ষস্থান দখল করে।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেরও শীর্ষস্থান হারিয়েছে। পয়েন্টের শতকরা হারে ধস নেমেছে তাদের। ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তিনে। শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। তাদের শতাংশ পয়েন্ট ৭২.২২। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে কেপটাউনে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ পয়েন্ট পেয়ে দুই নম্বরে উঠে গেছে। কিউই ও প্রোটিয়ারা এক ধাপ করে লাফ দিয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার কারণে ভারত চতুর্থ স্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশ নেমে গেছে চার থেকে পাঁচে।






















