আটলান্টিকে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২১
আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক আটলান্টিক সমুদ্রপথে আবারও ঘটেছে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনেগালের উত্তর-পশ্চিম উপকূল থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা। এ সময় উত্তাল মহাসাগরে নৌকাটি ডুবে অন্তত ২১ অভিবাসী নিহত হয়েছেন।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ওই নৌকা ডুবির ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে উপকূলরক্ষী বাহিনী। অভিযান চালিয়ে সেনেগালের উপকূলরক্ষী বাহিনী ডুবে যাওয়া নৌকার আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সেনেগালের সরকারি এক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস বলেছে, নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সমুদ্রপথে ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ ও অন্যান্য দেশে পৌঁছানোর জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা সেনেগাল উপকূলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।
এপিএস বলেছে, খুব অল্প সময়ের ব্যবধানে এই দ্বীপে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কেবল শনিবারেই সাত শতাধিক অভিবাসী ওই দ্বীপে পৌঁছেছেন। মাত্র এক সপ্তাহে ৩ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসী স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন। অভিবাসীদের ঢল ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে।
সূত্র: এএফপি।



















