এনবিআর বিভক্তির সিদ্ধান্ত চূড়ান্ত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শিগগিরই এ সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে বলেও জানিয়েছেন তিনি
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও অর্জিত হবে বলে আশা করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়, এটি একটি সমন্বিত কার্যক্রম।
আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম চলছে। সরকারের ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এ আলোচনায় অগ্রগতি দেখা যাবে বলে আশা করছেন তারা।
তিনি বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন। অর্থনীতির বিভিন্ন সূচকের ধীরে ধীরে উন্নতি হবে। তবে এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।
অর্থমন্ত্রী বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



















