চট্টগ্রামে যমজ শিশুসহ বাবার রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবা মো. জাহেদের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে বাবা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বাবা জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ এবং মানসিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তারা। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ তাতে আপত্তি জানান। শিশুদের সঙ্গে নিলে পায়খানা-প্রস্রাব করতে পারে, এমন কারণ দেখিয়ে তাদের বাড়িতে রেখে যেতে বলেন তিনি। পরে আফিয়াসহ পরিবারের অন্য সদস্যরা মসজিদে চলে যান।
আফিয়া আরও জানান, বিকেলে বাড়িতে ফিরে তারা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর দুই শিশুর মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে জাহেদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
জাহেদের চাচাতো ভাই কামাল উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই জাহেদ শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার শাশুড়ির অস্ত্রোপচারের জন্য তিনি প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ করেছিলেন। সেই টাকা শাশুড়ির কাছে ফেরত চাইলেও পাচ্ছিলেন না।
তিনি আরও বলেন, দুই বছর আগে বিয়ে করা জাহেদ শ্বশুর বাড়িতেই থাকতেন। ঘটনার দিন স্ত্রী ও শাশুড়ি মাজারে যাওয়ার সুযোগে তিনি তার পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে এএসপি আরও বলেন, শিশুদের মা ও শাশুড়িকে হেফাজতে নিয়ে তাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















