সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৭ বাংলাদেশি।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট।তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশীরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু। ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।


















