রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
রংপুরে একদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে রয়েছেন একজন কলেজশিক্ষক, একজন আনসার সদস্য ও এক ব্যবসায়ী। এছাড়া তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পৃথক দুর্ঘটনাগুলোতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম (৩০) নামে আরেকজন যাত্রী। তিনিও একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাসচালক আজির উদ্দিন ও তার সহকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিহত মুকুল মিয়ার বাবা মহুবার রহমান ওরফে কালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তারাগঞ্জ হাইওয়ে পুলিশের শামিদুল্লাহ্ সরকার।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, জিম্মি করে টাকা নেওয়া এবং বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগটি সঠিক কিনা, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে । মামলার এজাহারে অনেক কিছু বলা হয়েছে, তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশকে।
রোববার ভোরে রংপুরের পাগলাপীর-গঞ্জীপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজশিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) জনক রায়।
এদিকে জেলার কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল।




















