বিচারকদের নৈতিক সাহসই স্বাধীনতার মূল শক্তি
বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠায় বিচারকদের নৈতিক সাহস, দৃঢ় ব্যক্তিত্ব ও বিবেকবোধই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এ জন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি। স্মরণ রাখতে হবে, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তিই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।
বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিচার বিভাগের যে-কোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। একইসঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।



















