শ্রমিকদের সাস্থ্যসেবায় নির্মিত হবে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল
দেশে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবায় ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন,হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে, শ্রমজীবী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আগ্রহের কথা আমরা শ্রমমন্ত্রীর বরাতে শুনেছি। দেশের বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি না, সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন,স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে, গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি বলেন,বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রতি শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে।



















