কক্সবাজারে ট্রেনের ধাক্কায় ঝরল চার প্রাণ
কক্সবাজারের রামুতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। শুক্রবার বিকেলে দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রমের সময় সিএনজিটিকে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় ক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মনোয়ারা বেগম নামে নিহতদের এক স্বজন জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।




















