কলকাতা-শিলিগুড়িতে ভিসা আবেদন নিয়ে সতর্কবার্তা
ভারত থেকে বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।
১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সার্ভিস-সংক্রান্ত চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ডিইউ ডিজিটালের পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির ভিসা সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় আর চালু থাকবে না।
তাই সব ধরনের ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট সবাইকে ৩০ নভেম্বরের পর ওই সেন্টারগুলোতে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম শিগগিরই আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।




















