জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
জন্মদিনে শিশু-কিশোরদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) ৬২তম জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটান তিনি।
এ সময় শিশুদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী এবং তাদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী উপহার। বিনিময়ে শিশুরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এমন আনন্দঘন মুহূর্তে শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটান তারেক রহমান।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।




















